পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদে প্রবাসীদের সংবাদ সম্মেলন
বাংলাদেশের পাসপোর্ট সেবা ও প্রবাসীদের ব্যক্তিগত তথ্য কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর না করে স্বদেশি ব্যবস্থাপনায় রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রিয়াদপ্রবাসী বাংলাদেশি সচেতন মহল। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সৌদি আরবের রিয়াদে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রবাসীদের তথ্য সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এ ধরনের পরিকল্পনা বন্ধের জোর দাবি জানানো হয়।
চলতি বছরের শুরুর দিকে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যপ্রাচ্যের দুবাই ও কাতারসহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট সংক্রান্ত ডাটাবেজ বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের গুঞ্জন উঠলে প্রবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল আহমেদ, মোহাম্মদ শাহজালাল ভুট্টো ও সালাউদ্দিন আহমেদ ভূঁইয়া। এতে রিয়াদে কর্মরত দেশীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে প্রবাসীদের পক্ষ থেকে সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন গণমাধ্যমকর্মীরা। রাষ্ট্রদূত স্মারকলিপিটি গুরুত্বসহকারে গ্রহণ করে তা দ্রুত পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণের আশ্বাস দিয়েছেন।
সমাবেশে আয়োজকরা বলেন, কেবল সৌদি আরবেই প্রায় ৪০ লাখ বাংলাদেশি কঠোর পরিশ্রম করে রেমিট্যান্স পাঠাচ্ছেন। সেখানে পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে ই-পাসপোর্ট ও বায়োমেট্রিক কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে তথ্য ব্যবস্থাপনার দায়িত্ব কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে ডিজিটাল সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়বে। প্রবাসীরা মনে করেন, বর্তমান যুগে ডেটা বা তথ্যই প্রধান শক্তি; ফলে প্রবাসীদের তথ্য পাচার হলে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই ভিনদেশীয় কোনো সংস্থাকে চুক্তি না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা চালু রাখলে দেশে কর্মসংস্থান বাড়বে এবং তথ্য পাচারের ঝুঁকি এড়িয়ে রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে।

ফারুক আহমেদ চান, সৌদি আরব