মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য সুখবর, বাড়ছে মজুরি
মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ২০২৭ সালের বাজেট ঘোষণায় মাসিক ন্যূনতম মজুরি এক হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে দুই হাজার রিঙ্গিত করার কথা জানানো হয়েছে। নতুন মজুরি ২০২৭ সালের জুন থেকে কার্যকর হওয়ার কথা।
শুক্রবার (৯ অক্টোবর) সংসদে ২০২৭ সালের বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
ঘোষণা অনুযায়ী, নতুন ন্যূনতম মজুরি কার্যকর হলে যোগ্য কর্মীরা মাসে অতিরিক্ত ৩০০ রিঙ্গিত পাবেন। সে হিসাবে বছরে বেতন বাড়বে তিন হাজার ৬০০ রিঙ্গিত। তবে নতুন মজুরি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতিমালা ও প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য শর্ত বিবেচনায় নিতে হবে।
মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি বিভিন্ন খাতের কর্মসংস্থানে যুক্ত রয়েছেন। তাদের জন্য ন্যূনতম মজুরি বৃদ্ধির এ ঘোষণা গুরুত্বপূর্ণ। বিশেষ করে উৎপাদন, নির্মাণ, সেবা ও অন্যান্য শ্রমনির্ভর খাতে কর্মরত যেসব বিদেশি কর্মী ন্যূনতম মজুরি নীতির আওতায় রয়েছেন, তারা এর সুবিধা পেতে পারেন।
এ ছাড়া দক্ষ কর্মী ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের বেতন কাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও বাজেটসংক্রান্ত প্রতিবেদনে উঠে এসেছে। তবে এসব পরিকল্পনার বাস্তবায়ন, যোগ্যতা ও কার্যকর হওয়ার সময় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা অনুসরণ করা জরুরি।
মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীদের ক্ষেত্রে নতুন মজুরি কার্যকর হওয়ার আগে নিয়োগকর্তার সঙ্গে বেতনসংক্রান্ত চুক্তি এবং সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া