আপনার জিজ্ঞাসা
অন্তর নরম রাখার উপায় কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭১৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে চট্টগ্রাম থেকে একজন জানতে চেয়েছেন, অন্তর নরম রাখার উপায় কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : অন্তর নরম রাখার উপায় কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। অন্তর নরম করার জন্য রাসুল (সা.) বলেছেন, সমস্ত বিলাসিতা-আনন্দকে, ধ্বংসকারী জিনিসকে মনে করো, মানে মৃত্যুকে মনে করো। মৃত্যুর আলোচনা বেশি বেশি করো। মৃত্যুকে যত বেশি স্মরণ করবেন, তত অন্তর নরম করবে। বেশি বেশি কবর জিয়ারত করুন। কবর জিয়ারত মানুষকে আখিরাতের কথা মনে করিয়ে দেবে। যেটা অন্তর নরম করবে। এতিমদের প্রতি স্নেহ-ভালোবাসা দিন। এটা অত্যন্ত ভালো একটি কাজ। যেটি মানুষের মনকে নরম করবে। যখন আপনি এতিমকে দেখতে পাবেন, তখন আপনার মন নরম হবে। এতিমের মাথায় হাত বোলানোকে রাসুল (সা.) বিশেষ কাজ হিসেবে উল্লেখ করেছেন। আরেকটি বিষয় হচ্ছে—আল্লাহর আয়াতগুলো বেশি বেশি পড়বেন। সুতরাং অন্তর নরম করতে আপনি বেশি বেশি কোরআন পড়বেন। আল্লাহর জিকির বেশি বেশি করবেন। সব অবস্থায় আল্লাহকে স্মরণ করবেন। আরেকটি হলো—গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক