কে হবেন সেরাদের সেরা, জানা যাবে আজ
পবিত্র কুরআন নাজিলের মাস মাহে রমজানে সুরের মূর্ছনা ছড়িয়েছে কোটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়া জনপ্রিয় অনুষ্ঠান ‘পিএইচপি কুরআনের আলো’। ছোট ছোট শিশু-কিশোরদের তিলাওয়াতে মুগ্ধ সারা দেশ। দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়া জনপ্রিয় অনুষ্ঠান ‘পিএইচপি কুরআনের আলো’ পূর্ণ করল গৌরবময় ১৮ বছর। দীর্ঘ সাধনা, কঠোর অনুশীলন ও কুরআনের প্রতি ভালোবাসা নিয়ে এবারের আসর ‘পিএইচপি কুরআনের আলো ২০২৬’ এর ছয় প্রতিযোগীর মধ্যে কে হতে যাচ্ছে সেরাদের সেরা— তা দেখার অপেক্ষায় এখন পুরো দেশ।
টান টান উত্তেজনার মধ্যে আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সোয়া ৪টায় শুরু হওয়া সর্ববৃহৎ টেলিভিশনভিত্তিক জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে এনটিভি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনারও এনটিভি। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘পিএইচপি কুরআনের আলো ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।
‘পিএইচপি কুরআনের আলো’র সেরাদের সেরা প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবে চার লাখ টাকা। দ্বিতীয় স্থান অধিকারী পাবে তিন লাখ টাকা এবং তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী পাবে যথাক্রমে দুই লাখ ও এক লাখ টাকা। এছাড়া পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারী প্রতিযোগীদের প্রত্যেকে পাবে ৫০ হাজার টাকা পুরষ্কার। ওস্তাদজীসহ প্রথম তিন স্থান অধিকারী প্রতিযোগী পাবেন ওমরাহ করার সুযোগ।
এবারের ছয় প্রতিযোগী হলো—
হাফেজ আব্দুল্লাহ সাইফ মুনতাহা, পিতা পলাম মিয়া, বয়স ১৩ বছর। নেত্রকোনার জামালুল কুরআন হিফজ মাদ্রাসার এই শিক্ষার্থী মাত্র এক বছর এক মাসে হিফজ সম্পন্ন করেছে।
হাফেজ ইলিয়াছ মাহমুদ, পিতা লোকমান হোসেন, বয়স ১৬ বছর, কুমিল্লার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই শিক্ষার্থী মাত্র ৯ মাসে হিফজ সম্পন্ন করেছে।
হাফেজ মুহাম্মদ আশরাফুল ইসলাম, পিতা ওয়াদুদ খোকন, বয়স ১০ বছর। ব্রাহ্মণবাড়িয়ার মাহাদুশ শায়েখ ইসহাক মাদ্রাসার এই শিক্ষার্থী মাত্র এক বছরে হিফজ সম্পন্ন করেছে।
হাফেজ আবরার আল কারীম, পিতা তারেকুল কারীম, বয়স ১০ বছর। নোয়াখালীর দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই শিক্ষার্থী মাত্র ছয় মাসে হিফজ সম্পন্ন করেছে।
হাফেজ জুনায়েদ খান, পিতা জাবের খান, বয়স ১১ বছর। কুমিল্লার আররায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই শিক্ষার্থী এক বছর তিন মাসে হিফজ সম্পন্ন করেছে।
হাফেজ মোহাম্মাদুল্লাহ বিন শফিক, পিতা শফিকুল্লাহ, বয়স ১১ বছর। নরসিংদীর মাহাদুশ শায়েখ ইসহাক বাংলাদেশের এই শিক্ষার্থী এক বছরে হিফজ সম্পন্ন করেছে।
গ্র্যান্ড ফাইনালে শাহ ইফতেখার তারিকের সঞ্চালনায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন হিফজুল কোরান ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আব্দুল হক, আন্তর্জাতিক হাফেজ ক্বারি সিলেকশন বোর্ডের হাফেজ ক্বারি জহিরুল ইসলাম, আন্তর্জাতিক হাফেজ শোয়াইব আল আজহারী, বায়তুল মোকাররম মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মিজানুর রহমান।
দেশের সর্ববৃহৎ টেলিভিশনভিত্তিক জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পিএইচপি কুরআনের আলো’র ছয় প্রতিযোগীর মধ্য থেকে সেরাদের সেরা বিজয়ীকে বাছাই করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভাপতিত্ব করবেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফি মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানটির পরিচালক সাইফুল্লাহ সাইফ এনটিভি অনলাইনকে বলেন, সারা দেশের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে জেলা ও বিভাগীয় পর্যায় থেকে বাছাই করে আমরা টিভি অনুষ্ঠানের জন্য ছয়জনকে চূড়ান্ত করি। সেখান থেকে বাছাই করা হবে কে হবেন সেরাদের সেরা। আমাদের বিচারকেরা ও অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবার অক্লান্ত পরিশ্রমের ফলে ফাইনাল পর্যায়ে আসতে পেরেছি।
যার হাত দিয়ে শুরু ‘পিএইচপি কুরআনের আলো’
১৮ বছরে আগে দেশের প্রথম রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’ শুরু করেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। ২০২৪ সালের ২৩ মার্চ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব, অকৃত্রিম কুরআন প্রেমিক, কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ক্যানসারে আক্রান্ত ছিলেন।
এনটিভি আয়োজিত পবিত্র কুরআন বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘পিএইচপি কুরআনের আলো : প্রতিভার সন্ধানে বাংলাদেশ’ এর বিচারক, পরিকল্পনাকারী ও পরিচালক ছিলেন ইসলামিক গবেষক হাফেজ মুহাম্মদ আবু ইউসুফ। ১৯৮০ সালে চাঁদপুরের মতলব উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছিলেন বিএসটিআই জামে মসজিদের খতিব। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিবও ছিলেন এই গুণীজন। মৃত্যুর সময় স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ।

এনটিভি অনলাইন ডেস্ক