দিনাজপুরের ৫০ গ্রামে ঈদের নামাজ আদায়
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দিনাজপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আজ শুক্রবার (২০ মার্চ) জেলার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রায় দুই হাজার পরিবারের সদস্য অংশ নেন।
সকাল ৮টায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কাহারোল উপজেলার রসুলপুর দারুল হুদা মাদ্রাসার শিক্ষক আবু তাহের। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার জেলাজুড়ে ৫০টিরও বেশি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর শহরের নিউটাউন, ফুলতলা ও ইসলামবাগ এলাকা ছাড়াও বিভিন্ন উপজেলায় এই আগাম ঈদ উদযাপিত হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো- বোচাগঞ্জ উপজেলার ছাতইর; বিরলের ভাড়াডাঙ্গি ও বালাদার গ্রাম; কাহারোল উপজেলার জয়নন্দ গ্রাম ও তের মাইল এলাকা; বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার ও জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ী মির্জাপুর জামে মসজিদ এবং চিরিরবন্দর উপজেলার রাবারড্যাম এলাকা।
প্রতিটি জামাতে গড়ে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে একই দিনে রোজা রাখা এবং চাঁদ দেখার সংবাদ অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে এই প্রথা অনুসরণ করে আসছেন।

ফারুক হোসেন, দিনাজপুর