বন্ধ হয়ে গেল আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’, আসছেন নতুন অনুষ্ঠান নিয়ে
সাত বছর ধরে চলা সাপ্তাহিক লাইভ ‘শরয়ী সমাধান’ অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এখন থেকে ‘প্রিয়নবীর (সা.) হারিয়ে যাওয়া সুন্নাহ’ নামে নতুন একটি ধারাবাহিক অনুষ্ঠান করবেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, আজ থেকে আর হচ্ছে না সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’। বিগত সাত বছর ধরে চলা অনুষ্ঠানটির সফল সমাপ্তির পর আমরা শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন ধারাবাহিক—‘প্রিয়নবীর (সা.)-এর হারিয়ে যাওয়া সুন্নাহ’। প্রিয়নবী (সা.)-কে ভালোবাসা আমাদের ঈমানের অংশ। আর তাকে ভালোবাসার দাবি তখনই পূর্ণ হবে, যখন আমরা তার সুন্নাহর অনুসরণ করব।
তিনি লেখেন, অথচ পার্থিব জীবনে সুস্থতা, শৃঙ্খলা, সফলতা এবং আত্মপ্রশান্তির জন্য সুন্নাহর অনুসরণের বিকল্প নেই। আবার পরকালীন মুক্তি ও প্রিয়নবী (সা.)-এর শাফায়াত লাভেরও অন্যতম মাধ্যম তার সুন্নাহর অনুসরণ। সমাজের বুকে সুন্নাহর পুনর্জাগরণের লক্ষ্যে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক অনুষ্ঠান ‘প্রিয়নবীর হারিয়ে যাওয়া সুন্নাহ’।
‘প্রিয়নবীর হারিয়ে যাওয়া সুন্নাহ’ অনুষ্ঠানটি প্রতি শুক্রবার বাদজুমা শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ এবং চ্যানেলে একযোগে প্রচারিত হবে বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক