সৌদির সঙ্গে মিল রেখে মুন্সীগঞ্জের ৫ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মুন্সীগঞ্জের পাঁচটি গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে এসব এলাকার মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা, মোল্লাকান্দি ও শিলইসহ মোট পাঁচটি গ্রামে এই আগাম ঈদ উদযাপিত হয়। স্থানীয় সূত্রমতে, এসব গ্রামের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে আয়োজিত জামাতগুলোতে প্রায় চার শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
স্থানীয়ভাবে অনুসৃত ‘জাহাগীর তরিকা’র অনুসারীরা এই ঈদ পালন করে থাকেন। তাদের মতে, পৃথিবীর যেকোনো স্থানে নতুন চাঁদ দেখা গেলে সেই অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করা উচিত। এই বিশ্বাস থেকেই তারা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা এবং ঈদুল ফিতর উদযাপন করেন।
প্রতি বছরের মতো এবারও এসব এলাকায় অত্যন্ত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ