লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১১টি গ্রামে হাজারো মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন। আজ শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।
জানা গেছে, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী ঈদ উদযাপন করছেন। এছাড়াও এসব গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী পৃথক ভাবে নিজনিজ ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
মুসল্লীরা জানায়, মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদ সহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লীরা প্রায় ৪ যুগ ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।
মাওলানা মোহাম্মদ রুহুল আমিন বলেন, আজ শাওয়াল মাসের ১ তারিখ। একমাস সিয়াম সাধনার পর আজ আমরা সারা বিশ্বের মুসলিম উম্মাহের সঙ্গে একত্রে ঈদ উদযাপন করছি।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর