বরিশালে হেমায়েতউদ্দিন ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বরিশালে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকালে নগরীর ঐতিহাসিক হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই জামাত অনুষ্ঠিত হয়।
বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এই প্রধান জামাতে নামাজ আদায় করেন। এছাড়াও বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নগরীর সর্বস্তরের হাজার হাজার মানুষ এই জামাতে অংশ নেন।
এবারের ঈদ জামাতের বিশেষ বৈশিষ্ট্য ছিল নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা। নামাজ শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি এবং ঈদের কুশল বিনিময় করেন। কেন্দ্রীয় এই ঈদগাহ ছাড়াও বরিশাল নগরীর প্রায় দুই শতাধিক মসজিদে পৃথক পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। যেখানে ধর্মপ্রাণ মুসলমানরা অত্যন্ত উৎসাহের সাথে নামাজ আদায় করেন।
এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাঁর নির্বাচনি এলাকা গৌরনদী সরকারি কলেজ মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি জামাতে শরিক হন। নামাজ শেষে দেশ, জাতি ও জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আকতার ফারুক শাহিন, বরিশাল