হজে স্বাস্থ্য সুরক্ষায় সৌদি আরবের কঠোর নির্দেশনা
পবিত্র হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরব সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের মধ্যে যাদের নির্দিষ্ট কিছু গুরুতর ও দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতা রয়েছে, তারা এবার হজ পালনের অনুমতি পাবেন না।
সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, যেসব শারীরিক অবস্থায় হজে অংশ নেওয়া যাবে না, তার মধ্যে রয়েছে- কিডনির গুরুতর জটিলতা বা ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগী, হৃদযন্ত্রের গুরুতর সমস্যা বা হার্ট ফেইলিউর, লিভার সিরোসিস, জটিল মানসিক রোগ বা স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া), বয়সজনিত চরম শারীরিক দুর্বলতা ও গর্ভাবস্থার শেষ তিন মাসে থাকা অন্তঃসত্ত্বা নারী।
এছাড়া হজযাত্রীদের জন্য টিকাদান সংক্রান্ত বিধিনিষেধও কঠোর করা হয়েছে। সব হজযাত্রীর জন্য ‘মেনিনোকোক্কাল মেনিনজাইটিস’ টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। হজের অন্তত ১০ দিন আগে এই টিকার ডোজ নিতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের, বিশেষ করে বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী ও দীর্ঘস্থায়ী রোগে (যেমন ডায়াবেটিস, শ্বাসকষ্ট বা হৃদরোগ) আক্রান্তদের জন্য কোভিড-১৯ এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার আপডেট ডোজ নেওয়ারও জোরালো পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হজ একটি শারীরিকভাবে অত্যন্ত কষ্টসাধ্য ইবাদত। তাই হজযাত্রীদের নিরাপদ ও সুস্থভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই এসব স্বাস্থ্য সতর্কতা ও বিধিনিষেধ জারি করা হয়েছে।

কামাল পারভেজ অভি, মক্কা