দর বাড়ার শীর্ষে ওরিয়ন ইনফিউশনের শেয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) ২৬ শতাংশ বেড়েছে। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার গেইনারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ওরিয়ন ইনফিউশনের শেয়ারের সমাপনী দর ছিল ৪৬৯ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৩৭৩ টাকা ৪০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে ৯৬ টাকা ৪০ পয়সা বা ২৫ দশমিক ৮২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৭৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন ছিল ৩৫ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা।
কোম্পানির তথ্যমতে, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে ওরিয়ন ইনফিউশনের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৬৬ পয়সা। আগের ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার প্রতি মুনাফা ছিল ৬৩ পয়সা। প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে আট পয়সা। চলতি অর্থবছরের গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৪ পয়সা।
২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে দুই টাকা ছয় পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে (জুলাই-জুন) শেয়ার প্রতি মুনাফা ছিল দুই টাকা ১০ পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ হয়েছে দুই টাকা ৯৮ পয়সা। আলোচিত সমাপ্ত অর্থবছরে শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সা।
১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২০ কোটি ৩৬ লাখ টাকা। শেয়ার সংখ্যা দুই কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭৬০টি। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৪০ দশমিক ৬১ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা ১১ দশমিক শূন্য ১ শতাংশ, বিদেশিরা দশমিক শূন্য ৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৪৮ দশমিক ২৯ শতাংশ শেয়ার ধারণ করেছে।
গেল সপ্তায় দর বাড়ার তালিকায় শীর্ষ দ্বিতীয়তে এসেছে বিচ হ্যাচারী (‘বি’ ক্যাটাগরি)। কোম্পানিটির শেয়ারটির দর বেড়েছে ২৩ দশমিক ১৩ শতাংশ। ওই তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের (‘এ’ ক্যাটাগরি) ২২ দশমিক শূন্য দুই শতাংশ, কর্ণফূলি ইন্স্যুরেন্সের (‘এ’ ক্যাটাগরি) ১৬ দশমিক ১৫ শতাংশ, ইনটেকের (‘বি’ ক্যাটাগরি) ১৪ দমমিক শূন্য ছয় শতাংশ, দেশবন্ধু পলিমারের (‘বি’ ক্যাটাগরি) ১৩ দশমিক ৭৬ শতাংশ, খান ব্রাদার্সের (‘বি’ ক্যাটাগরি) ১৩ দশমিক ৩২ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের (‘বি’ ক্যাটাগরি) ৯ দশমিক ৪৭ শতাংশ, শমরিতা হাসপাতালের (‘এ’ ক্যাটাগরি) আট দশমিক ৯৫ শতাংশ এবং কহিনূর কেমিক্যালসের (‘এ’ ক্যাটাগরি) আট দশমিক ৪০ শতাংশের দর উত্থান হয়।

নিজস্ব প্রতিবেদক