সূচক পতনেও ডিএসইতে বেড়েছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের পতনে শেষ হয়েছে আজ রোববারের (২৮ ডিসেম্বর) লেনদেন। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৪ দশমিক ৫৬ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত বুধবারের (২৪ ডিসেম্বর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে দুই হাজার ২৬৪ কোটি টাকা। তবে লেনদেন বেড়ে এদিন ৩৮৫ কোটি আট লাখ টাকার ঘরে চলে এসেছে।
ডিএসইতে আজ লেনদেনের শুরুতে শেয়ার কেনার চাপে সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ১৩ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৪৭ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান থেকে পতনে আসে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ১৪ দশমিক ৫৬ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়িয়েছে চার হাজার ৮৬৯ পয়েন্টে। ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার দুই দশমিক ৮৯ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৭ দশমিক ১৩ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৩৮৫ কোটি আট লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৪ হাজার ৬০৮ কোটি ৮৬ লাখ টাকা। গত বুধবার মূলধন ছিল ছয় লাখ ৭৬ হাজার ৮৭৩ কোটি ৪১ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৯৯টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের ১২ কোটি ৩৩ লাখ টাকা, রহিমা ফুডের ১১ কোটি ১৮ লাখ টাকা, সায়হাম কর্টনের ৯ কোটি ১৩ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ৯ কোটি ১৩ লাখ টাকা, সিমটেক্সের সাত কোটি ৬৪ লাখ টাকা এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাত কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে যমুনা অয়েলের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক