ডিএসইতে ৯১ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ রোববার (৫ এপ্রিল) প্রধান সূচক ডিএসইএক্স বড় পতন হয়েছে। একদিনেই কমেছে ১০৭ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৯১ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত বৃহস্পতিবারের (২ এপ্রিল) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে আট হাজার ৫৭৫ কোটি টাকা। লেনদেন কমে এদিন ৫১২ কোটি টাকায় চলে এসেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স পতন চলে আসে। লেনদেন শুরুর চার মিনিটে ডিএসইএক্স পতন হয় ২১ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির পতন বড় হয়। লেনদেন শুরুর ২০ মিনিটে ডিএসইএক্স পতন হয় ৬৪ পয়েন্ট। পরে পতন বৃত্ত আরও বড় হয়।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের পতন হয়েছে ১০৭ দশমিক ৪৬ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ১১২ দশমিক ২৭ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১৮ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৪১ দশমিক ১০ পয়েন্টে। এছাড়া ডিএস ৩০ সূচক ৩৫ দশমিক শূন্য দুই পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৯৪৫ দশমিক ৩৩ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬২৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮০ হাজার ৮২৪ কোটি ৫২ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি ৮৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৩৫৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১১টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবের শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডের ১৩ কোটি ৯৫ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১২ কোটি ৩৪ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১১ কোটি ৮১ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১১ কোটি ৭৮ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৭৩ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে নিউ লাইনের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৮৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রংপুর ফাউন্ড্রির শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সাত দশমিক শূন্য তিন শতাংশ।

নিজস্ব প্রতিবেদক