প্যারামাউন্ট টেক্সটাইলের স্বতন্ত্র সম্পদ মূল্যায়নকারী নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল তাদের জমি, ভবনসহ স্থায়ী সম্পদের বর্তমান বাজারমূল্য নির্ধারণে পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে স্বতন্ত্র সম্পদ মূল্যায়নকারী প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কোম্পানিটি এ তথ্য নিশ্চিত করে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানায়, স্বতন্ত্র মূল্যায়নকারীর প্রতিবেদন পাওয়ার পর কোম্পানিটির পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত এবং নিট সম্পদ মূল্যে প্রকাশ হবে।
কোম্পানিটি ডিএসইকে জানায়, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২৬ তারিখের ভিত্তিতে কোম্পানির সম্পত্তি, স্থাপনা ও সরঞ্জাম পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ধারায় জমি ও ভবনসহ কোম্পানির স্থায়ী সম্পদের ন্যায্য বাজারমূল্য নির্ধারণ করা হবে। সম্পদ পুনর্মূল্যায়ন কাজে সহায়তার জন্য এমএবিএস অ্যান্ড জে পার্টনার্স ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে স্বতন্ত্র সম্পদ মূল্যায়নকারী হিসেবে নিয়োগ দিয়েছে এই কোম্পানিটি।
আন্তর্জাতিক মূল্যায়ন মানদণ্ড, হিসাব মান, আর্থিক প্রতিবেদন মান এবং প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুসারে এ মূল্যায়ন হবে। পুনর্মূল্যায়নের পর কোম্পানির সম্পদের হিসাবি মূল্য পরিবর্তিত হতে পারে। মূল্যায়নে সম্পদের ন্যায্য বাজারমূল্য আগের হিসাবি মূল্যের চেয়ে বেশি নির্ধারিত হলে পুনর্মূল্যায়নজনিত উদ্বৃত্ত তৈরি হতে পারে। ফলে কোম্পানির নিট সম্পদ মূল্যে পরিবর্তন আসার সুযোগ রয়েছে। তবে পুনর্মূল্যায়নে ঠিক কত টাকার উদ্বৃত্ত তৈরি হবে বা নিট সম্পদ মূল্যে কি পরিমাণ পরিবর্তন আসবে, তা এখনো জানা যায়নি। স্বতন্ত্র মূল্যায়নকারীর প্রতিবেদন পাওয়ার পর কোম্পানিটির পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে পুনর্মূল্যায়নজনিত উদ্বৃত্ত এবং নিট সম্পদ মূল্যের ওপর এর প্রভাব প্রকাশ হবে।

নিজস্ব প্রতিবেদক