সূচকের উত্থান, ডিএসইতে মূলধন বাড়ল ২৭৬৭ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ বুধবার (১৪ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২০ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ৭৬৭ কোটি টাকা। তবে লেনদেন কমে এদিন ৩৬৯ কোটি টাকার ঘরে চলে এসেছে।
ডিএসইতে আজ বুধবার লেনদেনের শুরুতে শেয়ার কেনার চাপে সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ২৩ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২২ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ১৯ দশমিক ৮৪ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৯৬৬ দশমিক ৫১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ দশমিক শূন্য আট পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯০৮ দশমিক ২১ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক দুই দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯৯৭ দশমিক ৯০ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৩৬৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮২ হাজার ৮৪৬ কোটি ১৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৮০ হাজার ৭৯ কোটি ২৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৩৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৮৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এসিআইয়ের শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মার ১০ কোটি ২৬ লাখ টাকা, সিটি ব্যাংকের ৯ কোটি দুই লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের আট কোটি ৪৪ লাখ টাকা, ডমিনেজ স্টিলের আট কোটি ১৭ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের সাত কোটি ৮১ লাখ টাকা, বিডি থাইয়ের সাত কোটি ৪৪ লাখ টাকা, খান ব্রাদার্সের পাঁচ কোটি ৯৯ লাখ টাকা, মেঘনা ইন্স্যুরেন্সের পাঁচ কোটি ৯৭ লাখ টাকা এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পাঁচ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ কোটি ৪৫ লাখ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক