সূচকের উত্থান, বেড়েছে ৭০ শতাংশ কোম্পানির দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৪ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৭০ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। গত সোমবারের (৬ এপ্রিল) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। লেনদেন বেড়ে এদিন ৫৯৭ কোটি টাকায় চলে এসেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে চলে আসে। লেনদেন শুরুর দুই মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৬ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি আরও বড় হয়। লেনদেন শুরুর ২০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৩৮ পয়েন্ট। পরে সূচকটির উত্থান গতি কমে আসে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের উত্থান হয়েছে ৩৪ দশমিক ৩৪ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ১৫৬ দশমিক ৮৭ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৪৫ দশমিক ৮১ পয়েন্টে। এছাড়া ডিএস ৩০ সূচক ১৬ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৭১ দশমিক ৩৭ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৭ কোটি এক লাখ টাকার শেয়ার। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮২ হাজার ৩১৯ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৮১ হাজার ২৫৩ কোটি ৪০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৭৫টির, কমেছে ৭০টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডের ২৬ কোটি ৩৭ লাখ টাকা, খান ব্রাদার্সের ২১ কোটি ৪২ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৮ কোটি ২৫ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১৪ কোটি ৮৯ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৪ কোটি ১৭ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের ১৩ কোটি ৭১ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১২ কোটি ৭৪ লাখ টাকা, বিডি অটোকারের ১০ কোটি ১৫ লাখ টাকা এবং জিকিউ বলপেনের ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক শূন্য ছয় শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক