বিএসইসির এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেলেন ৯ সাংবাদিক
পুঁজিবাজারভিত্তিক সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক অনুষ্ঠানের মাধ্যমে তিন ক্যাটাগরিতে মোট ৯ জন সাংবাদিকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপের তিন ক্যাটাগরির মধ্যে প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছেন ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব। এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার ইব্রাহীম ও ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক মুন্না রায়হান। তবে অনুষ্ঠানে সমকালের আনোয়ার ইব্রাহীম তার বিশেষ পুরস্কারটি গ্রহণ করার পর তিনি বিএসইসিকে ফিরিয়ে দেন।
ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুল ইসলাম রানা। এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন ও স্টার নিউজের স্টাফ রিপোর্টার মো. আতাউর রহমান।
অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছেন রাইজিংবিডি ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম নুরুজ্জামান তানিম। এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন ও বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম এ কালাম।
বিএসইসির আয়োজিত এই মর্যাদাপূর্ণ পুরস্কার পুঁজিবাজারবিষয়ক দায়িত্বশীল, তথ্যনির্ভর ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে। বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ এবারই প্রথম চালু করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পুঁজিবাজারের ওপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ চালু করা হয়েছে।
ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ প্রোগ্রামের জন্য বিএসইসি ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ নীতিমালা-২০১৫’ প্রণয়ণ করে। ওই নীতিমালার আলোকেই অ্যাওয়ার্ডস ও ফেলোশিপ প্রদানের লক্ষ্যে ৬ সদস্যের সমন্বয়ে জুরি বোর্ড গঠন করা হয়। জুরি বোর্ডের সদস্যদের দেওয়া নম্বরের সম্মিলিত যোগফলের ভিত্তিতে সেরা প্রতিবেদন নির্বাচিত করা হয়।

নিজস্ব প্রতিবেদক