বেক্সিমকোর ৩ কোম্পানিকে পর্ষদ সভা করতে নির্দেশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিকে পরিচালনা পর্ষদ সভা করার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
আগামী ১২ কর্মদিবসের মধ্যে এই তিন কোম্পানির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা ও কোম্পানি সচিবকে পর্ষদ সভা বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠিত বিএসইসির ৯৯৫তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে নিয়মিত পর্ষদ সভা না হওয়ায় কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণা, বার্ষিক সাধারণ সভা আয়োজন ও গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মতো আইনি বাধ্যবাধকতা স্থবির হয়ে আছে। এমন অবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং করপোরেট শাসন নিশ্চিত করতেই কমিশন এই আদেশ দিয়েছে।
বিএসইসির আদেশে বলা হয়, বেক্সিমকোর তিন কোম্পানি ধারাবাহিকভাবে বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ত্রৈমাসিক আর্থিক হিসাব দাখিল করতে ব্যর্থ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, বেক্সিমকো এখনো ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাবসহ চলতি অর্থবছরের কোনো ত্রৈমাসিক প্রতিবেদন জমা দেয়নি। একই ধরনের অনিয়ম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রে একই বিষয় লক্ষ্য করা গেছে।
অপরদিকে আলোচিত কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ সংক্রান্ত আইনি জটিলতা ছিল। তাই এ বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা কার্যকর ছিল। সম্প্রতি আপিল বিভাগ সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় কমিশনের আদেশ পুনরায় কার্যকর হয়েছে। এ কারণেই সুনির্দিষ্টভাবে বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুরকে পর্ষদ সভা আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন আইন অনুযায়ী অন্যান্য অনিয়মকারী কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। যার মধ্যে পর্ষদ পুনর্গঠনসহ বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক