সূচকের পতন, কমেছে লেনদেনসহ মূলধনও
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। আজ বৃহস্পতিবারে (২২ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ছয় পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতকাল বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন কমে এদিন ৫৩৬ কোটি টাকার ঘরে চলে এসেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম চার মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ১০ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে দুই পয়েন্ট। পরে সূচকটির উত্থান বাড়ে। লেনদেন শুরুর প্রথম এক ঘন্টা ৪৪ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ২১ পয়েন্ট। শেয়ার বিক্রির চাপ বাড়ায় সেই উত্থান পরে পতনে ফিরে।
এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ছয় দশমিক ২৩ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৯৯ দশমিক ৬০ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক দুই দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ২৫ দশমিক ৪২ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক এক দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৯৬২ দশমিক ৮৭ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫৩৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৬০৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৯১ হাজার ৫০৩ কোটি ৫২ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৮৯টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মার ১২ কোটি ৯১ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১২ কোটি আট লাখ টাকা, ফাইন ফুডসের ১১ কোটি ১০ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯ কোটি ৮২ লাখ টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯ কোটি ৭৯ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ৯ কোটি ১৫ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের আট কোটি ২৮ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের সাত কোটি ৬৮ লাখ টাকা এবং বিডি থাই ফুডের সাত কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক