৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ছাড়বে জিপিএইচ ইস্পাত
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত ঋণ পরিশোধের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করেছে। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৯৬৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ১২০ টাকা সংগ্রহ করবে। রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে জিপিএইচ ইস্পাত। যার অর্থ বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা দুটি রাইট শেয়ার পাবেন। প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ হয়েছে ১০ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতি ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর রাইটস শেয়ার পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ হবে।
এর আগে গত বছরের (২০২৫) ২৭ মে জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করে বিএসইসি। তখন কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ১:৩ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করে ২৪১ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৭৫ টাকা সংগ্রহের আবেদন করেছিল। তখন কমিশন জানিয়েছিল, দাখিল করা দলিলাদি সন্তোষজনক না হওয়ায় সার্বিক দিক বিবেচনায় ওই প্রস্তাব বাতিল করা হয়। পরে একই বছরের ২২ জুন কোম্পানিটির ৫০০ কোটি টাকা সংগ্রহের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবও বাতিল করে বিএসইসি।
২০২৫-২৬ অর্থবছরের জন্য জিপিএইচ ইস্পাতের পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের দুই শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। লভ্যাংশ ও অন্যান্য বিষয় অনুমোদনের জন্য আগামী ২৫ অক্টোবর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ অক্টোবর। আলোচিত অর্থবছরে (২০২৫-২৬) জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে সাত পয়সা। এ সময় শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৫ টাকা ৭৩ পয়সা। কোম্পানিটির গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫১ টাকা ৮১ পয়সা। আজ রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি দর দাঁড়ায় ১৫ টাকা ৭০ পয়সা।

নিজস্ব প্রতিবেদক