মুনাফা বেড়েছে পদ্মা অয়েলের
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের প্রতিষ্ঠান পদ্মা অয়েলের চলতি অর্থবছরের (২০২৫-২৬) দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মুনাফা বেড়েছে ১৩ দশমিক ৯০ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৪ টাকা ৫০ পয়সা। আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল ১২ টাকা ৭৩ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে এক টাকা ৭৭ পয়সা বা ১৩ দশমিক ৯০ শতাংশ।
চলতি অর্থবছরের ছয় মাস বা দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩০ টাকা ৫৪ পয়সা। আগের আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২৫ টাকা ৪০ পয়সা। আলোচিত এই দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ৩৪ টাকা ৫৩ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ২০ টাকা ৩৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩০৫ টাকা ৪০ পয়সা।

নিজস্ব প্রতিবেদক