ডিএসইতে সূচকের বড় উত্থান, ৮৩ শতাংশ কোম্পানির দর বাড়ল
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ সোমবারে (৯ ফেব্রুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮৩ পয়েন্ট। গতকাল রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ২৯৭ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন ৬৪৬ কোটি টাকায় চলে এসেছে। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৮২ দশমিক ৩৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেনের শুরুতে শেয়ার কেনার চাপে ডিএসইর সব ধরনের সূচক উত্থানে উঠে আসে। লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩০ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি গতি বাড়ে। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৬১ পয়েন্ট। এরপর সূচকটি উত্থানে গতি আরও বাড়ে।
এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয়েছে ৮২ দশমিক ৮৫ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩১১ দশমিক ৯৪ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১১ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৭৭ দশমিক ৫০ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ৩৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ৩১ দশমিক ৫৬ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৬৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। গত রোববার লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ দুই হাজার ৪৪২ কোটি ৫৭ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৯৯ হাজার ১৪৫ কোটি ৪৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩২৭টির, কমেছে ৩৭টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিমটেক্সের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—এশিয়াটিক ল্যাবের ১৮ কোটি ৭৯ লাখ টাকা, ঢাকা ব্যাংকের ১৮ কোটি ৪৭ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১৬ কোটি আট লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৪ কোটি ১৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি চার লাখ টাকা, ফাইন ফুডসের ১২ কোটি ৪৭ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সসের ১২ কোটি ৩৭ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ১১ কোটি ৯৫ লাখ টাকা এবং স্কয়ার ফার্মার ১১ কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৯২ শতাংশ। অন্যদিকে, দর বাড়ার শীর্ষে উঠে এসেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক