উত্থানে সূচক, লেনদেন কমলেও বাড়ল মূলধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ বুধবারে (২৮ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৪ পয়েন্ট। গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৩২৫ কোটি টাকা। তবে লেনদেন কমে এদিন ৬৩৪ কোটি টাকার ঘরে চলে এসেছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেনের শুরুতে শেয়ার কেনার চাপে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম ৯ মিনিটে ডিএসইএক্স সূচকের উত্থান হয়েছে ২৬ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থানে গতি বাড়ে। লেনদেন শুরুর প্রথম ৫৪ মিনিটে ডিএসইএক্সের উত্থান হয় ৪৯ পয়েন্ট। পরে সূচকটির ধীরগতিতে উত্থান হয়।
এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয়েছে ৩৪ দশমিক শূন্য এক পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ১৭৪ দশমিক ৪০ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক চার দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৩৮ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৯৩ দশমিক ৫৯ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৬৩৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৬ হাজার ৮১৮ কোটি ৩২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৯৩ হাজার ৪৯২ কোটি ৭২ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৯১টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—স্কয়ার ফার্মার ২৬ কোটি ৬৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি ৬৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৬ কোটি ৭১ লাখ টাকা, পদ্মা অয়েলের ১২ কোটি ৪৩ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১১ কোটি চার লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১০ কোটি ৪৮ লাখ টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ৩২ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ৯ কোটি ৩৮ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ দশমিক ৩৮ শতাংশ। অন্যদিকে, দর বাড়ার শীর্ষে উঠে এসেছে পূবালী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সাত দশমিক ২৩ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক