ডিএসইতে কমেছে সূচক, ৭৩ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ বুধবারে (১৮ ফেব্রুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫১ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার ১৩৪ কোটি টাকা। লেনদেন কমে এদিনে ৯৩৫ কোটি টাকা ঘরে চলে এসেছে।
অনুসন্ধানে দেখা যায়, আজ লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি বিক্রির চাপ বাড়ে। এতে সূচকটি পতনে আসে। লেনদেন শুরুর প্রথম ২২ মিনিটে ডিএসইএক্স পতন হয় সাত পয়েন্ট। পরে সূচকটি উত্থানে আসে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় সাত পয়েন্ট। এরপর সূচকটি ঘুরে পতনে ফিরে।
এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ৫১ দশমিক ৪৫ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫১৯ দশমিক ১৩ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১১ দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১০৫ দশমিক ২৮ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১৬ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১১০ দশমিক শূন্য চার পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৩ হাজার ৭০৮ কোটি ৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল সাত লাখ ১৬ হাজার ৮৪২ কোটি ৪২ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ২৮৬টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—এশিয়াটিক ল্যাবের ৩২ কোটি ৩৭ লাখ টাকা, ঢাকা ব্যাংকের ২৩ কোটি ৬৯ লাখ টাকা, সিটি ব্যাংকের ২৩ কোটি ৪৯ লাখ টাকা, প্রগতি লাইফের ২১ কোটি ৮৫ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ২০ কোটি ৮৮ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৯ কোটি ৯৭ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৮ কোটি ১৩ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৬ কোটি ৮০ লাখ টাকা এবং কে অ্যান্ড কিউর ১৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৩৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক