দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম
দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) কলেজের অডিটোরিয়ামে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে বিআইসিএমের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মাদ আব্দুল্লাহিল ওয়ারিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার ও আর্থিক বাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে। এরই অংশ হিসেবে আজ দিনাজপুর সরকারি কলেজে এ আয়োজন করা হয়। বিনিয়োগ শিক্ষা এই প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসান।
এসময় দিনাজপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, প্রোগ্রাম সমন্বয়ক ও সহকারী অধ্যাপক হামিদুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ ও প্রভাষক গৌরব রায়।

নিজস্ব প্রতিবেদক