৬০ মিনিটে লেনদেন ১৬৭ কোটি টাকা
সব ধরনের সূচকের পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (২৯ মার্চ) শুরুর প্রথম এক ঘণ্টা, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ১৬৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে চলে আসে। লেনদেন শুরুর দুই মিনিটে ডিএসইএক্স উত্থান হয় চার পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে চলে আসে। লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স পতন হয় ১৫ দশমিক ৩৬ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৩০০ দশমিক ৮৮ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক এক দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১ দশমিক ৮৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১২ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার সাত দশমিক ৪৪ পয়েন্টে।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ৭৯টি কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা একমি পেস্টিসাইডের ১০ কোটি ৫৭ লাখ টাকা, সান লাইফের সাত কোটি ২৩ লাখ টাকা, বিডি খাই ফুডের ছয় কোটি ৪০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের চার কোটি ১৪ লাখ টাকা, ডমিনেজ স্টিলের চার কোটি দুই লাখ টাকা, জিকিউ বলপেনের তিন কোটি ৯৭ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের তিন কোটি ৮২ লাখ টাকা, রানার অটোসের তিন কোটি ৬৫ লাখ টাকা, আইএফআইসি ফাস্ট ফান্ডের তিন কোটি ৪২ লাখ টাকা ও বিডি অটোকার তিন কোটি ৩২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক