পাওয়ার গ্রিডের ১৫২৯ কোটি টাকার শেয়ার অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি এক হাজার ৫২৯ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৩৭০ টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বুধবার এক চিঠির মাধ্যমে বিএসইসি কোম্পানিটিকে ১৫২ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ২৩৭টি অপরিশোধযোগ্য ও অ-সঞ্চয়ী প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দেয়।
প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। সে হিসাবে মোট শেয়ারের মূল্য দাঁড়িয়েছে এক হাজার ৫২৯ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৩৭০ টাকা। এসব শেয়ার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে ইস্যু করা হবে।
গত বছরের ৩০ জুন পর্যন্ত নেওয়া অর্থের বিপরীতে শেয়ার মানি ডিপোজিট হিসেবে এই শেয়ার বরাদ্দ কার্যকর করা হবে।

নিজস্ব প্রতিবেদক