লোকসানে তবুও লভ্যাংশ দেবে এসিআই
লোকসানে থেকেও পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসিআই (অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ) সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানায়, এসিআইয়ের ২০২৫-২৬ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে আট টাকা ৫৯ পয়সা। ওই অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ৫৮ টাকা ৫৩ পয়সা। গত ৩০ জুন সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮২ টাকা ৬৭ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর বেলা ১১টা ৩০ মিনিটে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল সিস্টেমে অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক