লেনদেন স্থগিত ড্যাফোডিল কম্পিউটার্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দরসহ লেনদেন অস্বাভাবিক বৃদ্ধির কারণে শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই কারণে লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই)।
আজ সোমবার (১৩ জুলাই) এদিনের অবশিষ্ট সময়ের জন্য কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দুই স্টকের কর্তৃপক্ষ।
কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই সাম্প্রতিক সময়ে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর ও লেনদেন অস্বাভাবিক হারে বেড়েছে। এই কারণে বিনিয়োগকারীদের স্বার্থে সাময়িকভাবে শেয়ার লেনদেন স্থগিত করা হয়। এ বিষয়টি দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
এর আগে অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার কারণে ডিএসই থেকে ড্যাফোডিল কম্পিউটার্সকে নোটিশ দেয়। এরপর গত ২১ জুন কোম্পানিটি নোটিশের জবাব দেয়। জবাবে কোম্পানিটি জানায়, দর বাড়ার কোনো অপ্রকাশিত তথ্য নেই তাদের কাছে। এরপরও শেয়ার দর বৃদ্ধিসহ অস্বাভাবিক লেনদেন বন্ধ হয়নি।
পরে অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার কারণে ফের ডিএসই থেকে ড্যাফোডিল কম্পিউটার্সকে নোটিশ দেয়। আজ সোমবার কোম্পানিটি নোটিশের জবাব দেয়। জবাবে কোম্পানিটি জানায়, সাম্প্রতিক অস্বাভাবিক বৃদ্ধি এবং লেনদেনের বৃদ্ধির পেছনে কোম্পানির কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসইর সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের দর ছিল ১০৯ টাকা ১০ পয়সা। গত ১৩ জুলাই কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১৬৩ টাকা ৮০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৫৪ টাকা ৭০ পয়সা বা ৫০ দশমিক ১৪ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক