লোকসানে থেকেও লভ্যাংশ দেবে আল-হাজ্ব টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আল-হাজ্ব টেক্সটাইল মিলস ২০২৪-২৫ সমাপ্ত হিসাব অর্থবছরের জন্য তিন শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, ২০২৪-২০২৫ অর্থবছরে (জুলাই-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক টাকা ৬৪ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ১৬ টাকা ৩৮ পয়সা। এ সময় শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ তিন টাকা ৭৬ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা উত্তরা ক্লাবে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর, বেলা ১১টায়। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ আগস্ট।
অপরদিক ২০২৫-২০২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা। আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি লোকসান ছিল ৩০ পয়সা। আলোচিত অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে দুই টাকা ২২ পয়সা। আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি লোকসান ছিল এক টাকা সাত পয়সা। আলোচিত তিন প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ পাঁচ টাকা ৫৬ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ১৬ পয়সা।

নিজস্ব প্রতিবেদক