সিকিউরিটিজ আইন বিষয়ক দুদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আয়োজনে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের ট্রেনিং হলে আজ সোমবার (৩ আগস্ট) ঢাকাস্থ ট্রেক হোল্ডার কোম্পানিজের কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রিপ্রেজেনটেটিভদের জন্য দুইদিনের সিকিউরিটিজ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। দুদিনের এই প্রশিক্ষণ কর্মশালাটি শেষ হবে আগামীকাল মঙ্গলবার।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনায় রয়েছেন প্রতিষ্ঠানটির কমপ্ল্যায়েন্স, ইন্সপেকশন এন্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, দেওয়ান জাহিদুল ইসলাম ও মো. রবিউল আউয়াল। এতে উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, ডিজিএম এন্ড হেড অফ আইটি সার্ভিসেস হাসনাইন বারিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসইর ট্রেনিং এন্ড অ্যাওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ।
অনুষ্ঠানে প্রশিক্ষকরা সিকিউরিটিজ আইনের যাবতীয় বিষয়গুলো নিয়ে তাদের উপস্থাপনা প্রদান করেন। আইনের সাম্প্রতিক পরিবর্তন, পরিবর্ধন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে রিপোর্ট তৈরি করার বিষয়ে তারা আইনের সংশ্লিষ্ট ব্যাখ্যা দেন। এ ছাড়া বিভিন্ন রিপোর্ট তৈরি করতে গিয়ে প্রতিনিয়ত যে ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে সে বিষয়ে বিস্তারিত স্বচ্ছ ধারণা দেওয়া হয়।
স্বাগত বক্তব্যে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, সাম্প্রতিক সময়ে আমরা একটি ট্রান্সফরমেশন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছি। এই সময়ে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজেদের পেশাদারত্ব বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদিতে অংশগ্রহণ করা এবং নিজেদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার ও মতামত বিনিময়ের মাধ্যমে দক্ষতা বাড়ানো। দক্ষতা ছাড়া পুঁজিবাজারের আইনের সাথে সংশ্লিষ্ট কাঠামোগুলোর বাস্তবিক প্রয়োগ করা কঠিন। একটি মজবুত পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেগুলেটরি কাঠামোতে স্বচ্ছতা। কেননা রেগুলেটরি কাঠামোর উপরেই নির্ভর করে একটি ব্যবসার সফলতা। একটি শক্তিশালী ও স্বচ্ছ রেগুলেটরি কাঠামো একটি প্রতিষ্ঠানের বিশ্বস্ততাকে বিনিয়োগকারীর কাছে একই সাথে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করে। যে প্রতিষ্ঠান কমপ্লায়েন্সের নিয়মকানুন পালনের ব্যাপারে যত দক্ষ সে প্রতিষ্ঠান তত বেশি সফল, স্বচ্ছ এবং পেশাদারি বৈশিষ্ট্যের অধিকারী।
সাইফুর রহমান মজুমদার বলেন, আজকের এই সিকিউরিটিজ আইন পরিপালন বিষয়ক নিয়মকানুনগুলো আপনাদের দক্ষতাকে আরও বাড়াবে। একইসাথে আপনাদের কাজ হবে টেকনোলোজিকাল বিষয়গুলোকেও বিবেচনাতে রাখা অর্থাৎ দক্ষ ব্যক্তি স্বচ্ছ কাঠামোতে সঠিক টেকনোলজিক্যাল পদ্ধতি বাস্তবিকভাবে ব্যবহার করলে একটি উপযুক্ত সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্রোকারেজ হাউজ তৈরি করতে পারে। একটি সফল ব্রোকারেজ হাউজ তার বিনিয়োগকারীকে সঠিক প্লাটফর্ম দিয়ে তার আস্থা সহজেই অর্জন করতে পারবে, যা পুজিঁবাজারকে সমৃদ্ধ করবে।
সাইফুর রহমান মজুমদার উল্লেখ করেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সিকিউরিটিজ আইন কানুন পরিপালনের ব্যাপারে আপনারা আরও সচেষ্ট হবেন এবং এক্ষেত্রে প্রয়োজনে আরও স্বচ্ছ ধারণার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদের সার্বিক সহযোগিতা প্রদান করবো। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের পুঁজিবাজারকে বেগবান করতে নতুন নতুন প্রোডাক্ট আনার কাজ চলছে এবং এক্ষেত্রে সিএসই বরাবরের মতোই অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে তিনি সিএসইর কমোডিটি মার্কেট স্থাপনের অগ্রগতির ব্যাপারে অভিহত করেন। সেই সাথে তিনি উপস্থিত সকলকে অনুরোধ করেন, বাংলাদেশের পুঁজিবাজারের নতুন এই সংযোজনে সবাইকে নিয়ম কানুন ভালমতো জেনে সম্পৃক্ত হওয়ার জন্য।
সাইফুর রহমান মজুমদার বলেন, এ ধরনের প্রশিক্ষণ একজন সংশ্লিষ্টকর্মকর্তাকে নিয়মিত নতুন আইনের বিষয়ে সময়মত জ্ঞাত থাকতে সহায়তা করবে। ইতিমধ্যে কিছু রুলসের বেশ কিছু পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলোর বিষয়ে একটি স্বচ্ছ ও বেগবান পুঁজিবাজারের জন্য যথাযথ সিকিউরিটিজ আইনের জ্ঞান অর্জন ও প্রয়োগের উপর এর আশানুরুপ ফলাফল নির্ভর করে। তাই এই ব্যাপারে সকলের সচেষ্ট থাকতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তা যথাযথভাবে পালন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক