সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (১৬ আগস্ট) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৪ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। তবে লেনদেন বেড়ে এদিন এক হাজার ১৩০ কোটি টাকায় চলে এসেছে। গত বৃহস্পতিবার তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর তিন মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৯ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান আরও বাড়ে। এদিন লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৬ পয়েন্ট। পরে সূচকটি পতনে চলে আসে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ২৩ দশমিক ৯৩ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৮৫৯ দশমিক ৯৭ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক আট দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১৮৪ দশমিক ২২ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৭১ দশমিক ৩৭ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। যেখানে গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯২৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় সাত লাখ আট হাজার ২৪৯ কোটি ৯২ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল সাত লাখ সাত হাজার ৬১৫ কোটি ৫২ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২৪৭টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪১টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ২৮ কোটি ৯৯ লাখ টাকা, শমরিতা হাসপাতালের ২২ কোটি ৮৪ লাখ টাকা, সেনা ইন্স্যুরেন্সের ২১ কোটি ৭০ লাখ টাকা এবং সায়হাম কটনের ২০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফার কেমিক্যালের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক শূন্য সাত শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক