৬৮ শতাংশ কোম্পানির দরপতন, মূলধন কমেছে ২২০০ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪১ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬৮ দশমিক ২০ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতকাল সোমবার তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে দুই হাজার ২০০ কোটি টাকা। তবে লেনদেন বেড়ে এদিন ৯৯৮ কোটি টাকায় চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১২ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান বেড়ে আসে। এদিন লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৪৫ পয়েন্ট। পরে সূচকটি পতনে চলে আসে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ৪০ দশমিক ৬৪ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৭৭৩ দশমিক ৬২ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১১ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১৬৪ দশমিক ৪৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক সাত দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৫০ দশমিক ২১ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৯৯৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় সাত লাখ দুই হাজার ৯৮৭ কোটি ১৩ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল সাত লাখ পাঁচ হাজার ১৮৭ কোটি ৮৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ২৬৬টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিলের শেয়ার। কোম্পানিটির ৫২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের ৫১ কোটি ৬৬ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের ২৯ কোটি ৮৭ লাখ টাকা, শমরিতা হাসপাতালের ২৮ কোটি ৪৯ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ২২ কোটি ৪৮ লাখ টাকা, বেক্সিমকোর ১৯ কোটি ৬৬ লাখ টাকা এবং রানার অটোর ১৮ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৫৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক