প্রেফারেন্স শেয়ার ছাড়বে এপেক্স ফুটওয়্যার
ঋণ পুনঃঅর্থায়নের জন্য সর্বোচ্চ ৫০০ কোটি টাকার রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার পরিচালনা পর্ষদ। রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ বিষয়টি জানিয়েছে।
জানা যায়, প্রেফারেন্স শেয়ার ইস্যুর আগে এপেক্স ফুটওয়্যারের শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। একইসঙ্গে এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনও প্রয়োজন হবে। ঋণ পুনঃঅর্থায়নের উদ্দেশ্যে এ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। নতুন করে তহবিল সংগ্রহ করে কোম্পানির ঋণের অর্থায়ন কাঠামো পুনর্বিন্যাস করবে।
এদিকে কোম্পানির স্মারক ও সংঘবিধি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। এ সিদ্ধান্ত কার্যকর করতে শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে। শেয়ারহোল্ডারদের অনুমোদন ও বিএসইসির সম্মতি পাওয়ার পরই প্রেফারেন্স শেয়ার ইস্যুর পরবর্তী কার্যক্রম শুরু করবে এপেক্স ফুটওয়্যার।

নিজস্ব প্রতিবেদক