অগ্নিকাণ্ডে পুড়ে ঘরে শেকলে বাঁধা প্রতিবন্ধী নারীর মৃত্যু
গাজীপুরে শ্রীপুর উপজেলার এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মধ্যরাতের এ ঘটনায় আগুনে পুড়ে মারা গেছেন ঘরের ভেতরে শেকল দিয়ে বাঁধা মানসিক প্রতিবন্ধী এক নারী। নিহতের নাম আসমা খাতুন (৩৫)। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের আওয়ালের মোড় এলাকার আব্দুল কাদিরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় মো. শাহ্জাহান জানান, বেশ কয়েক বছর ধরে আসমা খাতুন মানসিক অসুস্থতায় ভুগছিলেন। মাঝেমধ্যেই তিনি কাউকে কিছু না বলে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যেতেন। তাঁর অস্বাভাবিক আচরণের কারণে আসমাকে ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে দরজায় তালা লাগিয়ে আটকে রাখা হতো। দারোগার চালা এলাকায় বাবার বাড়িতে থাকতেন আসমা। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে আসমাকে তালাবদ্ধ করে রাখা ঘরে আগুন লাগে। এ সময় তাঁর স্বামী নজরুল ইসলাম ঘরে ছিলেন না।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিয়া রাজ উদ্দিন জানান, শ্রীপুরের দারোগারচালা এলাকার আব্দুল কাদিরের বাড়িতে গতকাল রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। বাড়ির আশপাশে পানির উৎস না থাকায় দূর থেকে পানি এসে আগুন নেভাতে হয়েছে। ততক্ষণে গৃহকর্তার মেয়ে আসমা আক্তার পুড়ে মারা যান। তাঁর লাশ ঘরের ভেতরে শিকলে বাঁধা অবস্থায় পাওয়া যায়। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ওই বাড়ির আটটি ঘর মালামালসহ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিটের কারণে এ ঘটনা ঘটেছে।

নাসির আহমেদ, গাজীপুর