অপপ্রচার বন্ধ করতে মিয়ানমারকে বাংলাদেশের কড়া বার্তা
মিয়ানমার সরকার বাংলাদেশের বিরুদ্ধে অনবরত অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাখাইনে উপযুক্ত পরিবেশ তৈরির মাধ্যমে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের বাধ্যবাধকতা এড়াতে তারা অপপ্রচার চালাচ্ছে বলেও জানানো হয়। আজ রোববার এক বিবৃতিতে এ কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই বিবৃতিতে রোহিঙ্গা সংকট নিয়ে মিথ্যাচার বন্ধ করে মিয়ানমার সরকারকে তাদের প্রতিশ্রুতি পূরণে মনোযোগী হতে কড়া বার্তাও দেওয়া হয়।
মিয়ানমার স্টেট কাউন্সিলরের অফিসের মুখপাত্র রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ার দায় বাংলাদেশের ওপর দেওয়ার প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, বাস্তুচ্যুত রোহিঙ্গারা কেন স্বেচ্ছায় রাখাইনে ফিরতে আগ্রহী হচ্ছে না, তার সঠিক কারণগুলো সমাধানের জন্য মিয়ানমারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক সদিচ্ছা দেখাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েই এর দায় বাংলাদেশের ওপর চাপাচ্ছে মিয়ানমার।
বিবৃতিতে আরো বলা হয়, মিয়ানমার সরকারের অবশ্যই অপপ্রচার বন্ধ করে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাধ্যবাধকতা পূরণে মনোযোগী হওয়া উচিত।

নিজস্ব প্রতিবেদক