আরো ১৭৫ পুলিশ সদস্যের করোনা পজিটিভ
দেশে বাড়ছে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা। সব পেশার মানুষই করোনায় আক্রান্ত হচ্ছে। এই যেমন বাংলাদেশ পুলিশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৫৭ সদস্য। এর ভেতরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭৫ জন। তবে গতকাল সর্বোচ্চ ২৪১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন।
আজ শনিবার রাতে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র এনটিভি অনলাইনকে এই তথ্য জানান।
সূত্রটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পুলিশের আরো ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে গতকাল এই সংখ্যা ছিল সর্বোচ্চ ২৪১ জনে। একদিনে এটাই সর্বোচ্চ পুলিশ সদস্য আক্রান্তের সংখ্যা। এর আগে ১১ মে একদিনে সর্বোচ্চ ২০৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত মোট ১৭৫ জনের ভেতরে শুধু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯৫ জন সদস্য রয়েছেন বলে জানা গেছে। ডিএমপিতেই মোট আক্রান্ত হাজারের বেশি বলে জানা গেছে।
এদিকে সুখবর হলো আজ সারা দেশের ৪৬ জন পুলিশ সদস্য করোনাভাইরাসমুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখন পর্যন্ত ৩৮১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ সুস্থ বাসায় ফেরা সদস্যরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে দুঃসংবাদ হলো এখন পর্যন্ত আটজন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ সদর দপ্তর সূত্রে এসব জানা গেছে।
ডিএমপির একটি সূত্র জানায়, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন যারা মাঠে থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তবে মাঠের কর্মকর্তা বাদেও ডিএমপির দুজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেন, ‘আক্রান্তদের চিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আক্রান্ত সদস্যদের পরিবারের সঙ্গেও আমরা কথা বলছি। আর আমাদের যে আটজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, তাঁদের পরিবারের পাশেও আমরা আছি।’

নিজস্ব প্রতিবেদক