এস আলম পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত
দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাইসহ পরিবারের ছয় সদস্যের দেহে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ল্যাবের পরীক্ষায় এই রোগ ধরা পড়ে।
এরপরই গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাইফুল আলম মাসুদের পরিবারের বসবাস করা নগরীর সুগন্ধা আবাসিকের ভবনটি লকডাউন করে দেয় পুলিশ। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, একই পরিবারের ছয়জন করোনায় আক্রান্ত হওয়ার পর পুলিশ রোববার রাত সাড়ে ১২টার দিকে সুগন্ধা আবাসিকের একটি ভবন লকডাউন করে দেয়। ওই ভবনে কেউ প্রবেশ করতে পারবে না এবং কেউ বের হতেও পারবে না।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ১৬ মে সাইফুল আলম মাসুদের পরিবারের সদস্যরা চমেক ল্যাবে নমুনা দেন। রোববার নমুনা পরীক্ষায় ছয়জনের করোনা পজিটিভ আসে। তাঁরা সবাই চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকার এক নম্বর সড়কের একটি বাসায় বসবাস করেন। রোববার রাতেই ওই ভবনটি লকডাউন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাই যথাক্রমে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ (লাবু), একই গ্রুপের মালিকানাধীন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম, এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি ও এক ভাইয়ের স্ত্রী ফারজানা পারভীন।
গত ১৬ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। একদিন পর রোববার তাদের রিপোর্ট পজিটিভ আসে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম