ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে তাপস
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যান ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার পর ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান ফজলে নূর তাপস। ওই সময় তিনি দলের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তবে এ সময় তিনি নির্বাচন নিয়ে কোন মন্তব্য করেননি।
আগামীকাল শনিবার ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই প্রথমবারের মত স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এর আগে তিনি টানা তিনবার ঢাকা -১০ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে।
মেয়র পদে তাপসের অন্যতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন। তিনি অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। তাঁর ব্যক্তিগত সহকারী আবদুল মতিন এনটিভি অনলাইনকে বলেন, ‘ঠাণ্ডাজনিত কারণে কিছুটা শ্বাসকষ্ট হলে তাঁকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।’
এদিকে বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে যান ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামও।

নিজস্ব প্রতিবেদক