ওবায়দুল কাদের কেবিনে, শারীরিক অবস্থার উন্নতি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এ জন্য আজ শনিবার তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
এ ব্যাপারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, চিকিৎসকরা সেতুমন্ত্রীকে দুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত শুক্রবার সকালে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে গত ১৫ মে দুই মাসব্যাপী চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন ওবায়দুল কাদের। তার আগে গত বছরের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সে সময় পরীক্ষা করে তাঁর করোনারি আর্টারিতে তিনটি ব্লক ধরা পড়েছিল।
পরে ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। গত বছরের ২০ মার্চ সেতুমন্ত্রীর বাইপাস সার্জারি করা হয়।

অনলাইন ডেস্ক