করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু
নভেল করোনাভাইরাস প্রতিরোধে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন পুলিশের আরো এক সদস্য। উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান তালুকদার (৫৬) আজ সোমবার সকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান। মজিবুর স্পেশাল ব্রাঞ্চের (সিটি এসবি) পল্টন জোন-১-এ কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের আইজি মিডিয়া সোহেল রানা।
সোহেল রানা বলেন, ‘করোনাভাইরাস পজিটিভ হওয়ায় গত ১১ মে মো. মজিবুর রহমান তালুকদারকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখান থেকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি আজ সোমবার সকাল ৮টা ৫১ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন।'
সোহেল রানা আরো বলেন, 'মজিবুর রহমান তালুকদারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার তারাকান্দি গ্রামে। তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখপাড়া গ্রামে বসবাস করতেন। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।'
সোহেল রানা আরো বলেন, 'পুলিশের ব্যবস্থাপনায় তাঁর মরদেহ বগুড়া পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।'
এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ পুলিশের ৯ সদস্য।

নিজস্ব প্রতিবেদক