কৃষিখাতে চীনের সহযোগিতা চাইলেন মন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে কৃষির অপার সম্ভানা রয়েছে। কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাত করে রপ্তানির বড় সুযোগ রয়েছে আমাদের। এক্ষেত্রে বাংলাদেশ চীনের সহযোগিতা চায়।
আজ সোমবার সচিবালয়ে কৃষিমন্ত্রী তাঁর নিজ কার্যালয়ে চীনের ভাইস মিনিস্টার (শুল্ক ও সাধারণ প্রশাসন) ঝাং জিওয়েন সঙ্গে বৈঠকে একথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের খাদ্য প্রক্রিয়াজাত ও রপ্তানিতে চীনের সহযোগিতা চাই। এ ছাড়া কৃষিক্ষেত্রে চীনের কারিগরি সহায়তা প্রয়োজন। যেহেতু চীনের বাজার বেশ বড়, সেখানে বাংলাদেশ তাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য রপ্তানি করবে।
ঝাং জিওয়েন বলেন, চীন বাংলাদেশের প্রধান বিনিয়োগকারী দেশে পরিণত হবে। বর্তমানে বাংলাদেশের পদ্মা সেতুসহ বড় বড় স্থাপনা নির্মাণের কাজ করছে চীন। চীন বাংলাদেশ থেকে রাইস ব্রান আমদানি করতে চায়। এ ছাড়া বাংলাদেশ যেসব কৃষিজাত পণ্য চীনে রপ্তানি করতে আগ্রহী সেই সম্পর্কে বাংলাদেশে চীনের দূতাবাসকে অবহিত করার জন্য বলেন। বাংলাদেশ হতে কৃষিজাত পণ্যসহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে কোনো বাধা-বিপত্তির অবকাশ থাকবে না বলেও জানান তিনি।
বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমানে বড় সমস্যা রোহিঙ্গা সমস্যা। রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চান কৃষিমন্ত্রী। এ প্রসঙ্গে চীনের ভাইস মিনিস্টার বলেন, এ ব্যাপারে তাঁরা আর্ন্তজাতিক ফোরামে বাংলাদেশের পক্ষে কথা বলবেন। বাংলাদেশের উন্নয়নের সবক্ষেত্রে চীন অংশীদার হতে আগ্রহী।

নিজস্ব প্রতিবেদক