‘গত ১০ বছরে ঢাকা বসবাসের অনুপযোগী হয়েছে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আজকে ঢাকা শহরের চিত্র হলো যানজটে মানুষ চলতে পারে না। এই ঢাকা শহর পৃথিবীর সবচাইতে বেশি বায়ু দূষণের নগরী হিসেবে পরিচিত হয়েছে।’
গত ১০ বছরে ঢাকা মহানগরী বসবাস অনুপযোগী হিসেবে সারা পৃথিবীর মানচিত্রে চিহ্নিত হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা এই ঢাকা শহরকে দূষণমুক্ত করতে চাই, যানজটমুক্ত করতে চাই, আধুনিক শহরে পরিণত করতে চাই এবং বসবাস উপযোগী ঢাকা বিনির্মাণ করতে চাই।’ এ জন্য তিনি বিএনপির মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেনকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আজ রোববার সকালে পুরান ঢাকার জজ কোর্ট চত্বর, তাঁতীবাজার, শাখারীবাজার, নয়াবাজার এলাকায় গণসংযোগ করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন। তাঁর প্রচারের সময় ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
প্রচারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, কাজী আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
ড. খন্দকার মোশাররফ বলেন, ‘সারাদেশের মতো ঢাকাবাসীও পরিবর্তন চায় আর এই পরিবর্তনের লক্ষ্যে ইশরাক হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ইশরাক হোসেন এই শহরকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন।’
ভোটারদের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, ‘ইশরাক হোসেন একজন ইঞ্জিনিয়ার এবং এই শহরের সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। তাই তাঁকে বিএনপি মনোনয়ন দিয়েছে।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, ‘ইশরাক হোসেন ঢাকাতেই জন্মগ্রহণ করেছেন এবং ঢাকাতেই বেড়ে উঠেছেন। তাই ঢাকার সব সমস্যাগুলো তাঁর জানা। একটি আধুনিক শহর কীভাবে করতে হয় তা তিনি পরিবার থেকে শিখেছেন এবং তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে শিখেছেন। তিনি জানেন কীভাবে একটি আধুনিক শহর গড়তে হয়।’
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস এবারের নির্বাচনে ইশরাক হোসেনকে ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেন, গত ১৩ বছরে এই ঢাকাকে ধ্বংস করা হয়েছে। এই অবস্থার পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নিজস্ব সংবাদদাতা