গাইবান্ধার এমপি লিটন হত্যা মামলার রায় আজ
বহুল আলোচিত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের দুই দিনব্যাপী যুক্তিতর্ক শেষে গত ১৯ নভেম্বর গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক সাক্ষী ও আসামিদের উপস্থিতিতে রায়ের এ দিন নির্ধারণ করেন।
এর আগে, ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। ৮ এপ্রিল আলোচিত এ মামলার প্রথম দফায় আদালতে সাক্ষীদের সাক্ষগ্রহণ শুরু হয়। পর্যায়ক্রমে কারাগারে থাকা আসামিদের আত্মপক্ষ সমর্থনে শুনানি হয় আদালতে। গত ৩১ অক্টোবর পর্যন্ত বাদী, নিহতের স্ত্রী ও তদন্ত কর্মকর্তাসহ ৫৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন লিটনের বড় বোন ফাহমিদা বুলবুল কাকলী। তদন্ত শেষে জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল (অব.) ডা. কাদের খাঁনসহ আটজনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি বগুড়ার বাসা থেকে গ্রেপ্তারের পর থেকে কাদের খাঁন কারাগারে রয়েছেন। লিটন হত্যার ঘটনায় দায়ের হওয়া অস্ত্র আইনের মামলায় গত ১১ এপ্রিল তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ ছাড়া তাঁর একান্ত সচিব (পিএস) শামছুজ্জোহা, গাড়িচালক হান্নান, ভাতিজা মেহেদি, শাহীন ও রানা জেলা কারাগারে রয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি