ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা : নানক
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনীকে সামনে রেখে কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয়, সে বিষয়ে সংগঠনটির নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
আজ শুক্রবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির ঢাকা ও এর আশপাশের জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ওই নির্দেশনা দেন জাহাঙ্গীর কবির নানক।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘পুনর্মিলনী আমরা জাঁকজমকপূর্ণভাবে সুন্দরভাবে করতে চাই। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না, সর্বমহলে প্রশংসিত হবে। সেই পুনর্মিলনীর নাম করে দেশের কোথাও যেন কেউ চাঁদাবাজিতে না জড়ায়। পুনর্মিলনীর নাম ব্যবহার করে কোনো চাঁদাবাজি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘পুনর্মিলনীতে যোগ দেওয়ার সময় জনগণের ভোগান্তি সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সংগঠন হিসেবে ছাত্রলীগ ছাড়া আর কারো নাম ব্যবহার করে স্লোগান না দেওয়ার জন্য নির্দেশনা দেন জাহাঙ্গীর কবির নানক। পুনর্মিলনীর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগ সহ সকল ইউনিটকে নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করার নির্দেশও দিয়েছেন তিনি।
আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনীর আয়োজন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদক