ডেঙ্গু নিয়ে এ বছর লক্ষাধিক মানুষ হাসপাতালে : স্বাস্থ্য অধিদপ্তর
এডিস মশাবাহীত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছর এক লাখেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আজ মঙ্গলবার জানিয়েছে, এ বছর এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে এক লাখ এক হাজার ৩৭ জন বাড়ি ফিরে গেছে।
এদিকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তাদের মধ্যে ছয়জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছে ৩৯ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ২৬৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। এর মধ্যে তারা ২৩৪টি ঘটনা পর্যালোচনা করে ১৪৮ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

অনলাইন ডেস্ক