‘ঢাকা সিটিতে সুষ্ঠু নির্বাচন হলে সরকারের ভরাডুবি নিশ্চিত’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিটি নির্বাচন সুষ্ঠু হবে না, তারপরও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের অংশ হিসেবে এই নির্বাচনের অংশ নিচ্ছে বিএনপি।
আজ বুধবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও অবাধ হতে পারে না। জনগণের যে রায়, তা এখানে প্রতিফলিত হয় না। তারপরও আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, সেহেতু আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। এখানে আরেকটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে ইভিএম। তারা বলেছিল যে ইভিএমের মাধ্যমেই ভোট হবে। যেটা আসলে সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত, আমরা এটা প্রত্যাখ্যান করেছি। আমরা মনে করি, এটাতে ভোট সঠিক হবে না।’
বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারই এখন তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে জয়ী হতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে ছাত্রদল নেতারা শপথ নিয়েছে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা বিরাজ করছে, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে। এই ছাত্রদল সংগ্রাম করে বাংলাদেশ ছাত্র ও জনতার ঐক্য গড়ে তুলবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।’
খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ফখরুল বলেন, ‘বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি খ্রিস্ট ধর্মালম্বীদের। আমরা আশা করছি, এর মাধ্যমে সুন্দর শান্তিময় পরিবেশ-পরিস্থিতি গড়ে উঠবে।’
নতুন বছরে সুন্দরের প্রত্যাশা করে বিএনপির মহাসচিব আরো বলেন, ‘আমরা মনে করি, নতুন বছরটাকে জনগণের করতে হবে। গণতন্ত্রের জন্য সংগ্রাম করে, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে, গণতন্ত্রকে মুক্ত করে সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে হবে।’
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা সাবেক ডাকসু এজিএস নাজিমউদ্দিন আলম, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শিমুল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুল হক খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহসভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সহসভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, মো. হাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিজস্ব সংবাদদাতা