দেশজুড়ে শহীদ মিনারে জাতির শ্রদ্ধা
অমর একুশে ফেব্রুয়ারি আজ। রক্তস্নাত ভাষা আন্দোলনের পথ ধরে রাষ্ট্রভাষার অধিকার প্রাপ্তির দিন, মহান শহীদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর জব্বারসহ অনেকে। তাঁদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা, বাঙালি জেনেছিল তাঁদের বর্ণমালা এখন কেবলই তাঁদের একান্ত, যা কেড়ে নিতে পারবে না শাসকেরা। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞচিত্তে ভাষাশহীদদের স্মরণ করছে। কানে যে গানই বাজুক, সবার মনে বাজছে একুশের অমর সংগীত—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি...।’
একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর একে একে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদ সদস্য এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বিরোধীদলীয় নেতার পর তিন বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে পর্যায়ক্রমে কূটনীতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় শহীদ মিনারে তাঁদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ সময় ১৪ দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান।
দেশজুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি। প্রতিনিধিদের পাঠানো খবর :
ফেনী : যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শহরের বিভিন্ন মোড়ে রাতভর মাইকে বাজানো হয়েছে দেশাত্মবোধক গানসহ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।
জয়পুরহাট : নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহরের জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রথম শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন ও পুলিশ সুপার সালাম কবির। এরপর একে একে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
পাবনা : যথাযথ মর্যাদায় পাবনায় জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, জেলা যুবলীগসহ বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। আজ প্রত্যুষে স্কয়ার, পাবনা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, ইউনিভার্সাল গ্রুপ, আইনজীবী সমিতিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং নানা পেশাজীবী সংগঠন ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠান আলোচনা সভা, দোয়া মাহফিল, হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
চান্দিনা (কুমিল্লা) : যথাযথ মর্যাদায় কুমিল্লার চান্দিনায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে চান্দিনা উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ। এ ছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বকসী, পৌর মেয়র মো. মফিজুল ইসলামসহ অনেকে। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ময়মনসিংহ : একুশের প্রথম প্রহরে ময়মনসিংহ শহরের টাউন হল চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। পরে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, সিটি করপোরেশন মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, মহানগর আওয়ামী লীগ, মহানগর বিএনপি, জাসদ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, জেলা যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং নানা পেশাজীবী সাধারণ মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে আজ সকালে পুলিশ লাইনস মাঠে রক্তদান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার সদস্যরাও শহীদ মিনার এলাকায় নিরাপত্তার কাজে নিয়েজিত ছিলেন।
মানিকগঞ্জ : মানিকগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ভাষাশহীদ রফিকের পরিবারের সদস্য, মানিকগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও নানা শ্রেণি-পেশার মানুষ স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ঝিনাইদহ : যথাযোগ্য মর্যাদায় এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। প্রথম প্রহরে শহীদ বেদিতে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবসহ সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর একুশের চেতনা বাস্তবায়নের শপথ নেন সব শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়া প্রভাতফেরিতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বইমেলাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। জেলার সব উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। পরে পর্যায়ক্রমে জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস ও সাধারণ সম্পাদক সানা উল্যা সানুসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মাগুরা : যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এরপর জেলা প্রশাসক, পুলিশ সুপার, আওয়ামী লীগ, বিএনপি, মাগুরা প্রেসক্লাব, জাতীয় পার্টিসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। আজ শুক্রবার সকাল ৭টায় জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে প্রভাতফেরির র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। প্রভাতফেরির র্যালিতে অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শহীদ মিনার চত্বরে আজ সকালে আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া সকাল ১০টায় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিশুদের আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর : শরীয়তপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের হাজারো মানুষ। আজ ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, জাতীয় পার্টি, শ্রমিক লীগ, ওয়ার্কার্স পার্টিসহ সাংস্কৃতিক সংগঠন, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা পুলিশ সুপার এস এম আসরাফুজ্জামন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবিদুর রহমান খোকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কুমার দে, উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ ছাড়া শরীয়তপুর সরকারি কলেজ, জেলা স্কাউটস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিওর পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
নাটোর : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নাটোর শহরের কানাইখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য শফিকুর ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। পরে প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।
গোপালগঞ্জ : একুশের প্রথম প্রহরে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা পৌর পার্কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
কুষ্টিয়া : সারা দেশের মতো কুষ্টিয়ায়ও জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কুষ্টিয়া কালেক্টর চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন ও পুলিশ সুপার এস এম তানভির আরাফাত। এরপর জেলা আওয়ামী লীগ, কুষ্টিয়া মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া জেলার সব উপজেলায় দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
নরসিংদী : নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। শহরের স্টেডিয়ামসংলগ্ন নরসিংদীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার প্রলয় কুমার জেয়ারদার। এর পরপরই জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, নরসিংদী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয় ভাষার জন্য আত্মত্যাগী বীরদের চরণে। এ ছাড়া নরসিংদীর বিভিন্ন উপজেলা ও পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা জানান সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ হাজারো জনতা। জেলা প্রশাসন ছাড়াও অন্যান্য বিভাগ, বিভিন্ন স্কুল-কলেজ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় ভাষাশহীদদের প্রতি। এ ছাড়া দিনব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে দিবসটি।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনিছুর রহমানসহ জেলা আওয়ামী লীগ, বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান। এ ছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে, দিনটি পালনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রভাতফেরি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সিলেট : বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষাশহীদদের স্মরণ ও শ্রদ্ধায় ফুল হাতে সিলেট শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে। ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এর প্রথম প্রহরের আগ থেকেই ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হন নানা শ্রেণি-পেশার মানুষ। ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি শ্রদ্ধা-স্মরণের মাধ্যমে শুরু হয় রাত ১২টা ১ মিনিটে সিলেট শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। এরপর নতুন ক্রম অনুযায়ী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে বিভাগীয় ও জেলা পর্যায়ের সিভিল ও পুলিশ প্রশাসনের প্রধান, বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান সরকারি প্রটোকল অনুযায়ী ক্রমানুসারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।
কুমিল্লা : যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় ভাষাশহীদদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সদর আসনের এমপি হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
গাজীপুর : যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কালিয়াকৈর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, যে পাকিস্তানিরা বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল, সেই পাকিস্তানেও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। সন্দেহাতীতভাবে প্রমাণিত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটাই আমাদের জাতিসত্তার পরিচয়। এ ছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে কালিয়াকৈর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মেহেরপুর : নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মরণ করেছেন মেহেরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে অবস্থিত শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরে জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার এস এম মুরাদ আলি শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর একে একে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে গর্বিত তরুণ প্রজন্ম।
নারায়ণগঞ্জ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। এরপর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার জায়েদুল আলম। এ ছাড়া নারায়ণগঞ্জ প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
খাগড়াছড়ি : খাগড়াছড়িতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় শরণার্থী টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এরপর সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমাসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ বেদি বিভিন্ন রাজনৈতিক দল, খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সকালে প্রভাতফেরির আয়োজন করা হয়। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজ সরকারি ছুটির দিন। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। সংবাদপত্র, টেলিভিশন ও বেতারে ভাষা দিবসের বিশেষ ক্রোড়পত্র ও অনুষ্ঠানমালা প্রচার করা শুরু হয়েছে। মাতৃভাষার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে বাঙালি জাতি যে ইতিহাস রচনা করেছিল, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে বরণ করেছে সুগভীর শ্রদ্ধায়।
২১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বিশ্বের সব জাতিসত্তার ভাষা রক্ষার দিন হিসেবে জাতিসংঘ বেছে নেয় ১৯৫২ সালের বাঙালি জাতির ভাষার জন্য লড়াইয়ের দিনটি, সেই একুশে ফেব্রুয়ারি। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তাদের ৩০তম সম্মেলনে ২৮টি দেশের সমর্থনে ২১ ফেব্রুয়ারি দিনটিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০০০ সাল থেকে বিশ্বের ১৮৮টি দেশে একযোগে দিবসটি পালিত হচ্ছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি বাঙালি জাতির জন্য এক অনন্য সাধারণ অর্জন।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর বুকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে, খালি পায়ে আবালবৃদ্ধবনিতা সবাই শামিল হতে শুরু করেন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য। শুধু ঢাকাতেই নয়, সারা দেশের স্কুল-কলেজ, জেলা ও থানা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের সর্বস্তরের মানুষ।

নিজস্ব প্রতিবেদক