নিরাপনের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল
বাংলাদেশের তৈরি পোশাক কারাখানা পরিদর্শন প্রতিষ্ঠান নিরাপনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিরাপনের করা আবেদনটি খারিজ করে আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
এ আদেশের কারণে নিরাপনের কারখানার নিরাপত্তা পরিদর্শন কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া ছয় মাসের নিষেধাজ্ঞা বহাল থাকছে বলে জানিয়েছেন রিট আবেদনকারী পক্ষের আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম।
উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্সের সদস্য প্রায় ৬০০ তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ তদারক করতে গত এপ্রিলে নিরাপন নামের ওই প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করে।
এর আগে অ্যাকর্ড-অ্যালায়েন্সের কার্যক্রম নিয়ে ২০১৭ সালে রিট করে ড্রাগন সোয়েটার লিমিটেড।
ওই আবেদনের শুনানি শেষে গত ২২ অক্টোবর হাইকোর্ট রুল দিয়ে নিরাপনের কারখানার নিরাপত্তা পরিদর্শন কার্যক্রমের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেন।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নিরাপন আবেদন করে। আপিল বিভাগে শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
আদালতে আজ নিরাপনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম। অন্যদিকে, ড্রাগনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও ইমতিয়াজ মইনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
মামলার বিবরণে জানা যায়, রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে পাঁচ বছরের জন্য অ্যালায়েন্স গঠিত হয়। ক্রেতাদের এই জোটের অধীনে বৈদ্যুতিক, অগ্নি ও ভবনের কাঠামোগত ত্রুটি পরিদর্শনের পর সংস্কারকাজ করে ৬৫২ পোশাক কারখানা। কারখানাগুলোর সংস্কারকাজ শেষ হয় ৯৪ শতাংশ।
গত ডিসেম্বরে অ্যালায়েন্স বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গোটায়। আর চলতি বছরের ২৯ এপ্রিল নিরাপনের যাত্রা শুরু হয়। সেদিন এক অনুষ্ঠানে নিরাপনের পক্ষ থেকে জানানো হয়, কারখানার নিরাপত্তা পর্যবেক্ষণ ও তদারকি করবে নিরাপন। নিরাপন মান নিয়ন্ত্রণ করবে। কারখানা পরিদর্শনে প্রাপ্ত ফলাফলও পর্যালোচনা করবে। ৬০ দিন অন্তর কারখানার বিষয়ে প্রতিবেদন তৈরি করা হবে।

নিজস্ব প্রতিবেদক