পাবনায় শিক্ষক নেতাকে পিটিয়ে হত্যা
জমি-জমা নিয়ে বিরোধের জেরে পাবনার আটঘরিয়া উপজেলায় আশরাফ আলী (৪৫) নামের এক শিক্ষক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামের আবদুল প্রামাণিকের ছেলে। তিনি একই উপজেলার ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় হামলাকারীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত আশরাফ আলীর ছেলে মোহাম্মদ হোসাইন জানান, জমি নিয়ে প্রতিবেশী আফজাল হোসেনের সঙ্গে তাঁর বাবার বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সকালে বাড়ির পাশের মাঠে আফজালের সঙ্গে তাঁর বাবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি দিয়ে তাঁর বাবাকে বেধড়ক মারপিট করেন আফজাল। এতে ঘটনাস্থলেই তাঁর বাবার মৃত্যু হয়। এরপর তারা থানায় খবর দেন।
এদিকে ঘটনার খবর পেয়ে নিহত শিক্ষকের বাড়িতে উপস্থিত হয় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা। তারা এ সময় বিক্ষোভ মিছিল করে জড়িত আফজালের গ্রেপ্তারের দাবি জানায়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী আফজাল হোসেনের স্ত্রী রিনা খাতুনকে আটক করা হয়েছে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা